বাকি খাওয়া নিয়ে কথা–কাটাকাটি, ছাত্রদল নেতার বিরুদ্ধে দোকানিকে মারধরের অভিযোগ



এনামুল হোসেন বাবর (গোলাপগঞ্জ প্রতিনিধি):: ঢাকাদক্ষিণ সরকারি কলেজে বকেয়া টাকা নিয়ে কথা–কাটাকাটির জেরে দোকানিকে মারধর ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুবেদ আহমদের বিরুদ্ধে। গতকাল দুপুরে কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দোকানে ৩০০ টাকা বাকি রাখা নিয়ে সুবেদ আহমদের সঙ্গে দোকানি হামিদ মোহাম্মদের বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে দোকানিকে মারধরের ঘটনা ঘটে।


এবিষয়ে জানতে চাইলে দোকানি হামিদ মোহাম্মদ বলেন, আমি আমার বকেয়া টাকা চাইলে ‘সুবেদ আহমদ কথা বলার এক পর্যায়ে আমার গায়ে হাত তোলেন। দোকানের পণ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর তিনি যাওয়ার সময় আমাকে পরবর্তীতে দেখে নিবেন বলে হুমকি দিয়ে যান। বিষয়টি ইতিমধ্যে আমি কলেজের একজন জ্যেষ্ঠ শিক্ষককে জানিয়েছি এবং ক্ষতিপূরণ দাবি করেছি। তিনি যে সিদ্ধান্ত দেবেন, আমি সেটিই মেনে নেব।’


জানতে চাইলে অভিযোগ ওঠা ছাত্রদল নেতা সুবেদ আহমদ বলেন, ‘দোকানি সবার কাছে বলে বেড়াচ্ছেন, আমি টাকা বাকি রেখেছি। তাঁর কথা শোনার পর আমি নিজের মেজাজ হারিয়ে ফেলি। কিন্তু তাঁকে আমি মারধরও করিনি, দোকান ভাঙচুরও করিনি; বরং আমি ঘটনার জন্য তাঁর কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেছি।’


বিষয়ে কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘ওই দোকানি অভিযোগ করে বলেছিলেন, ছাত্রদলের নেতা–কর্মীরা খাবার খেয়ে টাকা দেন না। এ সময় দোকানি জালাল নামের একজনের কাছে ৩০০ টাকা পাওনার কথা জানান। আমরা বিষয়টি দেখার আশ্বাস দিই। এরপর আমরা চলে যাওয়ার কিছুক্ষণ পর দোকানে ভাঙচুরের খবর পাই।’


জানতে চাইলে শাখা ছাত্রদলের আহবায়ক কামিল আহমেদ বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। আমরা ঘটনার সত্যতা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নেব। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড যেন না ঘটে, সে বিষয়ে আমরা খেয়াল রাখব।’


সূত্র: দৈনিক শ্যামল সিলেট।


নবীনতর পূর্বতন