ঢাকাদক্ষিণ সরকারি কলেজের দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এত অভিযোগ



এনামুল হোসেন বাবর (গোলাপগঞ্জ প্রতিনিধি):: সিলেট জেলা ছাত্রলীগের আওতাধীন গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহদী আহমদ সানী ও সাধারণ সম্পাদক মোহাইমিনুল হক তুষারের বিরুদ্ধে অবৈধ টেন্ডার বাণিজ্য,  চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, শিক্ষকদের মারধরসহ একাধিক অভিযোগ উঠেছে।


তাঁদের এমন কর্মকাণ্ডের চরম উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। নাম প্রকাশের অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন, অবৈধ অর্থের বিনিময়ে মাহদী আহমদ সানী ও মোহাইমিনুল হক তুষারকে মূল পদে আনেন সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। আর পদ ভাগিয়েই তারা হয়ে উঠেন বেপরোয়া। এতে করে কলেজের সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। 


নাম প্রকাশের অনিচ্ছুক এক সাধারণ শিক্ষার্থী বলেন, কলেজে পড়াশোনার কোনো পরিবেশ নাই। এখানে ক্লাস নিয়মিত না হলেও ছাত্রলীগের মিছিলে বাধ্য হয়ে নিয়মিত উপস্থিত থাকতে হয়।

সাধারণ শিক্ষার্থীরা নিয়মিত ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা নির্যাতিত হতে হয়। এতে করে ক্যাম্পাসের পরিবেশ দিনদিন ভয়াবহ হয়ে উঠছে। 


এবিষয়ে কলেজের অধ্যয়নরত আরেক (নারী) শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে পরিক্ষা ব্যতিত ছাত্রীদের উপস্থিতি ৫ শতাংশের নিচে। কারণ, ছাত্রলীগ নেতাদের ইভটিজিং এর ভয়ে কেউ ক্যাম্পাসে আসতে চায় না।


এদিকে, কলেজ ছাত্রলীগের সভাপতি মাহদী আহমদ সানীর অনুসারী ও ছাত্রলীগ নেতা আব্দুল আলিমের বিরুদ্ধে কলেজের এক শিক্ষকের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সে কলেজের এই শিক্ষকের কাছ থেকে  ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে সেই শিক্ষক গোলাপগঞ্জ মডেল থানায় আব্দুল আলিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন।



এবিষয়ে প্রতিবেদক, অভিযুক্ত ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহদী আহমদ সানী ও সাধারণ সম্পাদক মোহাইমিনুল হক তুষারের মুঠোফোনে বার বার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এবিষয়ে, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাকে এবিষয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবগত করেছেন। যদি অভিযোগ সত্য হয় তাহলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব।

সূত্র: দৈনিক শ্যামল সিলেট।
নবীনতর পূর্বতন