গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ। যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে প্রায় দেড় হাজার মানুষের অংশগ্রহণে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাকুয়ার বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সভায় এলাকার প্রবীণ মুরব্বি, যুবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।
সভায় প্রবীণ মুরব্বিদের মধ্যে বক্তব্য দেন গোলাম মোস্তাফা, লুৎফুর রহমান ও রেহান উদ্দিন। এ ছাড়া বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদসহ এলাকার আরও অনেকে বক্তব্য রাখেন।
যুবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মারুফ আহমেদ, জীবন খান ও মাসুদ আহমেদ। তাঁরা বলেন, কুশিয়ারা নদীর ওপর সেতু নির্মিত হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতির বিকাশেও সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ছাত্রলীগ নেতা সালমান আজাদ। তিনি সেতু নির্মাণের দাবির প্রতি সমর্থন জানিয়ে এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব এবং ভবিষ্যৎ উন্নয়নে সেতুটির গুরুত্ব তুলে ধরেন।
মিছিল ও সভা থেকে বক্তারা কুশিয়ারা নদীর ওপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান। তাঁদের মতে, সেতু নির্মিত হলে নদী পারাপার ও দৈনন্দিন যাতায়াত সহজ হবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
বক্তারা আরও বলেন, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এলাকার মানুষকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ পরিস্থিতির পরিবর্তন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে কুশিয়ারা নদীর ওপর সেতু নির্মাণ জরুরি। এ সময় তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
Tags
সিলেট
