গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা জুমানের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ


গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান জুমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন জুমানের পরিবারের সদস্যরা।

সরেজমিনে জুমানের বাড়িতে গেলে তার বাবা মো. মুজিবুর রহমান অভিযোগ করে বলেন, সন্ধ্যার দিকে হঠাৎ ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা বাড়িতে জুমানকে না পেয়ে ক্ষুব্ধ হয়ে তাকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের হুমকি ও গালাগাল করেন। তাদের একজন বলেন, দেশের যেখানেই জুমান থাকুক, তাকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে। পরে হামলাকারীরা বাড়িতে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, সন্ধ্যার দিকে কয়েক রাউন্ড ফাঁকা গুলির শব্দ শুনে তারা বাড়ি থেকে বের হয়ে আসেন। এ সময় জুমানের বাড়ির সামনে বেশ কয়েকজনকে অবস্থান করে উচ্চস্বরে গালাগালি করতে দেখা যায়। ভয়ে তারা ঘটনাস্থল থেকে দূরে অবস্থান করেন এবং হামলাকারীদের বাধা দেওয়ার সাহস পাননি।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মোল্যার সঙ্গে যোগাযোগ করা হলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো প্রশ্নের জবাব না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
নবীনতর পূর্বতন