বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা : সিলেটের বিশ্বনাথে উপজেলা ছাত্রলীগের সদস্য ও যুক্তরাজ্য যুবলীগের এসিট্যান্ট সেক্রেটারি মো: জুনেদ মিয়ার বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি-জামায়াত ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপর।
হামলায় তার মা আফিয়া বেগম গুরুতর আহত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে বর্তমান সরকারের বিরুদ্ধে র্যালি ফর বাংলাদেশ নামে একটি প্রোগ্রাম আয়োজন করেন। এতে অংশ গ্রহণ করে মো: জুনেদ মিয়া তার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন। এর জের ধরেই এই হামলা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারটির।
এবিষয়ে মো: জুনেদ মিয়ার বাবা ময়না মিয়া জানান, আমার বাড়িতে হামলার সাথে স্থানীয় বিএনপি- জামায়াত ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত। তিনি আরও বলেন, ছেলের রাজনৈতিক পরিচয় থাকার কারণে আজ আমাদের বাড়িতে হামলা করা হয়েছে তার খুবই দুঃখজনক। এ ঘটনার পুরো পরিবার এখন ভয় আর আতংকের মধ্যে আছি। আমার স্ত্রী আফিয়া বেগম বর্তমানে সিলেটের একটি বেসরকারি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন । আমি এই হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি প্রশাসনের কাছে।
এবিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা বলেন, এবিষয়ে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি পেলে দ্রুত ব্যবস্থা নিব।
Tags
সিলেট
