বিশ্বনাথে ছাত্রলীগ নেতা ফাহিমের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

প্রতিকী ছবি 


বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আপ্তাব নাঈমের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ নেতার বাড়িতে বিএনপি-জামায়াত সমর্থিত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর এলাকায়।

পারিবারিক সূত্রে জানা যায়, ফাহিম আপ্তাব নাঈমকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই আক্রমণ চালানো হয়। তবে ঘটনার সময় তাকে বাড়িতে না পেয়ে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং পরিবারের নারী ও শিশু সদস্যদের ওপর অমানবিক হামলা ও দুর্ব্যবহার করে।

হামলার পর থেকে পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। ফাহিম আপ্তাব নাঈমের বাবা-মা এ প্রতিবেদককে জানান, ঘটনার পর তাদের পরিবার মানসিকভাবে বিপর্যস্ত এবং যে কোনো সময় পুনরায় হামলার আশঙ্কা করছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে বিশ্বনাথ মডেল থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, বিষয়টি তারা শুনেছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
নবীনতর পূর্বতন