নবীগঞ্জে যুবলীগ নেতা আলমগীর আহমেদ রনি'র বাড়িতে হামলা-ভাংচুর


নবীগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জে যুবলীগ নেতা আলমগীর আহমেদ রনি'র গ্রামের বাড়িতে হামলা- ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 

ভুক্তভোগী আলমগীর আহমেদ রনি বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী। তিনি দেশে থাকাকালীন সময়ে সিলেটের মদন মোহন কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন পরবর্তীতে তিনি মহানগর যুবলীগের ২২নং ওয়ার্ড শাখার সভাপতি হিসেবে দায়িত্বপালন করছেন। 

জানা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এমন খবর প্রকাশ হওয়ার সাথে সাথে সারাদেশে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসা-বাড়িতে হামলা- ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্রজনতা। এরই ধারাবাহিকতায় গতকাল (৭ আগস্ট) বিকেলে নবীগঞ্জের উমরপুর গ্রামে আলমগীর আহমেদ রনি'র নিজ বাড়িতে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এবিষয়ে ভুক্তভোগী আলমগীর আহমেদ রনি বাবা আব্দুস ছামি বলেন, আমার ছেলে এলাকার রাজনীতির সাথে কখনো জড়িত ছিলো না সে ছাত্র জীবন থেকে সিলেট শহরে বসবাস করতো এবং সেখানেই সে আওয়ামী লীগের রাজনীতি করেছে। অথচ, এলাকার কিছু দুর্বৃত্ত তাদের বাড়িতে এই অগ্নিসংযোগ ও হামলা-ভাংচুর করেছে। তারা অধিকাংশই বিএনপি ও জামাত-শিবিরের নেতাকর্মী। 

এবিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে বার বার ফোন দিয়েও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
নবীনতর পূর্বতন